
মো. বাপ্পি শেখ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে এক বিশেষ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
আজ সোমবার (১৮ মে) উপজেলার পৃথক দুটি স্থানে এই তদারকিমূলক অভিযান চালানো হয়। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এই ঝটিকা অভিযানে একজনকে আর্থিক জরিমানা ও মাটি কাটার যন্ত্রের ব্যাটারি জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে উপজেলার ২নং জামাল ইউনিয়নের দুধরাজপুর গ্রামে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী আইন অমান্য করায় হাতেনাতে এক ব্যক্তিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।
এদিকে, উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের গুঞ্জনগর গ্রামেও অবৈধভাবে ফসলি জমি কেটে মাটি বিক্রির গোপন খবর পেয়ে দুপুরে আরেকটি অভিযান চালানো হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি ও অভিযানের খবর টের পেয়ে ঘটনাস্থল থেকে মূল অভিযুক্ত ও মাটি কাটার সিন্ডিকেটের সদস্যরা কৌশলে পালিয়ে যায়। ফলে কাউকে হাতেনাতে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা হিসেবে ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি বিশালাকার এক্সক্যাভেটর (ভেকু) মেশিনের মূল ব্যাটারি জব্দ করে প্রশাসন।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, “ফসলি জমির টপ সয়েল বা উপরিভাগের উর্বর মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। এতে পরিবেশ ও কৃষিজমি মারাত্মক হুমকির মুখে পড়ছে। উপজেলার পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এবং সরকারি নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে অবৈধ বালু ও মাটি উত্তোলনের এই কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
এ.আই.এল/সকালবেলা