
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা: নোয়াখালী-ফেনী ফোরলেন মহাসড়কে দ্রুতগতির এক ঘাতক ট্রাকের চাপায় মাওলানা বেলাল হোছাইন ফতেহপুরী (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় তাঁর সাথে থাকা পাঁচ বছরের এক শিশু কন্যা গুরুতর আহত হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুরে নোয়াখালী-ফেনী ফোরলেন মহাসড়কের বেগমগঞ্জের চৌমুহনীর হলি কেয়ার হসপিটালের সামনে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা বেলাল হোছাইন ফতেহপুরী নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ফতেহপুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম (অধ্যক্ষ) ছিলেন। গুরুতর আহত তাঁর মেয়ের নাম তালবিয়া মুসতারি (৫)। দুর্ঘটনায় অলৌকিকভাবে অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে গেছেন বেলাল হোছাইনের স্ত্রী তামান্না রহমান (৪০) ও আরেক মেয়ে তাসপিয়া সুলতানা (১২)।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে সেনবাগ উপজেলার ফতেহপুর গ্রামের বাড়ি থেকে অসুস্থ দুই মেয়ে ও স্ত্রীকে ডাক্তার দেখাতে বেগমগঞ্জের চৌমুহনী ‘হলি কেয়ার হসপিটালে’ যান মাওলানা বেলাল হোছাইন। বেলা ১২টার দিকে ডাক্তার দেখানো শেষে হাসপাতাল থেকে বের হয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হন। ছোট মেয়ে তালবিয়ার হাত ধরে মহাসড়ক পার হচ্ছিলেন বেলাল হোছাইন। তাঁর পেছনে বড় মেয়েকে নিয়ে আসছিলেন স্ত্রী। এ সময় ফেনী থেকে চৌমুহনী অভিমুখী দ্রুতগতির একটি মালবাহী ট্রাক বেলাল হোছাইন ও তাঁর শিশুকন্যাকে সজোরে চাপা দেয়। এতে মুহূর্তেই বাবা-মেয়ে পিচঢালা রাস্তায় ছিটকে পড়েন। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বাবা বেলাল হোছাইনের মর্মান্তিক মৃত্যু হয় এবং শিশুকন্যা তালবিয়া মারাত্মক জখম হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন রক্তাক্ত ও গুরুতর আহত তালবিয়াকে উদ্ধার করে নোয়াখালী জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকের চালক ও সহকারী (হেলপার) পালিয়ে গেলেও স্থানীয় জনতা ধাওয়া করে ট্রাকটি আটকে রাখে।
খবর পেয়ে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা লাশ ও আহত শিশুকে সরিয়ে নেওয়ায়, হাইওয়ে পুলিশ নিহত মাওলানা বেলাল হোছাইনের ফতেহপুর গ্রামের বাড়িতে গিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সবুজ মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “হাসপাতালে ডাক্তার দেখিয়ে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয় এবং শিশুকন্যা গুরুতর আহত হয়। দুর্ঘটনাকবলিত ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে সড়ক পরিবহন আইনে মামলাসহ পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ.আই.এল/সকালবেলা