
নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার দেশের প্রিন্ট মিডিয়া বা সংবাদপত্রে টানা পাঁচ দিন ছুটি থাকবে। আজ সোমবার (১৮ মে) সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরীর সই করা এক ছুটির নোটিশে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুসারে, সংবাদপত্রে আগামী ২৬ থেকে ৩০ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি উদ্যাপন করা হবে। ছুটি শুরুর পরদিন অর্থাৎ ২৭ মে থেকে ৩০ মে পর্যন্ত দেশীয় কোনো সংবাদপত্র ছাপা বা প্রকাশিত হবে না। তবে প্রিন্ট সংস্করণ বন্ধ থাকলেও বেশিরভাগ গণমাধ্যমের অনলাইন ও ডিজিটাল বিভাগগুলো যথারীতি চালু থাকবে।
এর আগে, আজ সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেন। সেই অনুযায়ী আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। অন্যদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২৭ মে বুধবার কুরবানি ঈদ উদযাপিত হবে।