
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরের দুই নামী খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অভিযোগে মোট ৮০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ মে) বিকেলে শহরের চৌমুহনা এলাকায় র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
র্যাব ও ভোক্তা অধিকার দপ্তর সূত্রে জানা গেছে, মৌলভীবাজার শহরের ব্যস্ততম চৌমুহনা এলাকায় নোংরা ও পচা-বাসি পরিবেশে খাবার প্রস্তুত এবং সাধারণ ভোক্তাদের সাথে প্রতারণা করার অপরাধে এই অভিযান চালানো হয়। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ‘মামার বাড়ি রেস্টুরেন্ট’-কে ৩০ হাজার টাকা এবং ‘রাজমহল কনফেকশনারি’-কে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
গণমাধ্যমে দেওয়া এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ। অভিযানে সহযোগিতা করে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
অভিযান পরিচালনাকালে মৌলভীবাজার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন এবং ক্যাব-এর জেলা সভাপতি প্রফেসর সৈয়দ মুহাম্মদ মহসিনসহ র্যাবের একটি চৌকস আভিযানিক দল উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার দপ্তরের কর্মকর্তা মো. আল আমিন জানান, “নামী এই প্রতিষ্ঠান দুটির রান্নাঘরে চরম অস্বাস্থ্যকর পরিবেশ এবং ফ্রিজে কাঁচা মাংসের সাথে বাসি মিষ্টি ও বেকারি পণ্য একসাথে সংরক্ষণের প্রমাণ পাওয়া গেছে। জনস্বার্থে এবং ভেজালমুক্ত খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মৌলভীবাজার জেলাজুড়ে এ ধরনের ঝটিকা মনিটরিং ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এ.আই.এল/সকালবেলা