
পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে (হোটেল) আর্থিক জরিমানা করা হয়েছে।
সোমবার (১৮ মে) বিকেলে কালীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং ভোক্তা অধিকার ক্ষুণ্ন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় দুইটি মামলা দায়ের করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে বাজার এলাকার ‘রাজধানী হোটেল’-এর মালিক আলম মিয়া (৪৫), পিতা- আজিম উদ্দিনকে ৫ হাজার টাকা এবং ‘আল আমিন হোটেল’-এর মালিক ওসমান (৫৫), পিতা- মৃত আমিন উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই হোটেল মালিকই তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। অভিযানে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করে পুলিশ প্রশাসন এবং বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, “পবিত্র রমজান ও ঈদ পরবর্তী সময়ে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। কিছু হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ ও ভোক্তাদের সাথে প্রতারণার প্রমাণ পাওয়ায় আইনানুযায়ী এই জরিমানা করা হয়। জনস্বার্থে এবং ভেজালমুক্ত খাদ্য নিশ্চিতকরণে এ ধরনের তদারকিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এ.আই.এল/সকালবেলা