
নিজস্ব প্রতিবেদক: ফারাক্কা চুক্তি, পদ্মা ব্যারাজ প্রকল্প এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ইতোমধ্যে পদ্মা ব্যারাজের জন্য বরাদ্দ হয়েছে এবং খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনার জন্যও বিশেষ বরাদ্দ দেওয়া হবে।
আজ সোমবার (১৮ মে) দুপুরে রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এই আশাবাদের কথা জানান। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রধান তিনটি চ্যালেঞ্জের মধ্যে ফারাক্কা চুক্তি, পদ্মা ব্যারাজ এবং তিস্তা মহাপরিকল্পনা অন্যতম। সরকার গঠনের মাত্র তিন মাস হওয়ায় এই মহাপরিকল্পনাগুলোর টেকনিক্যাল পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
প্রতিমন্ত্রী আরও জানান, আগামী ১১ ডিসেম্বর ভারতের সাথে চলমান ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হবে এবং সরকার সেই চুক্তিটি আবারও নবায়ন করতে চায়। ১৯৭৭ সালে সম্পাদিত চুক্তিটির আলোকে এবারও বাংলাদেশের সর্বোচ্চ স্বার্থরক্ষা করে সময়োপযোগী চুক্তি বাস্তবায়নের জন্য দ্বিপক্ষীয় আলোচনা চলছে।
এর আগে ক্রীড়া প্রতিযোগিতার প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক, ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে রংপুর বিভাগের আটটি জেলার খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।