
বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার দিবাগত রাতে শহরের বিভিন্ন স্থানে এক ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে একই দিন রাত সাড়ে ১০টার দিকে শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় এই বর্বরোচিত ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন—বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী দক্ষিণ হাজীপাড়া এলাকার রায়হানের ছেলে কাওছার (১৯), ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকার মৃত হাতেম আলী পাইকারের ছেলে বাধন (১৯) এবং উত্তর কাটনারপাড়া এলাকার গোলাম রব্বানীর ছেলে রকি (১৯)।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে অভিযুক্ত যুবকদের পূর্ব পরিচয় ও বন্ধুত্ব ছিল। গত রবিবার রাত ৮টার দিকে ওই তরুণী শহরের পুলিশ প্লাজার সপ্তম তলায় অবস্থিত ‘লাক জোন’ নামের একটি দোকানে যান। সেখানে অভিযুক্ত কাওছার, বাধন, সাদিকসহ আরও একজন উপস্থিত ছিলেন। পরে তারা মদ্যপানের পরিকল্পনা করে রাত সাড়ে ৯টার দিকে শহরের একটি নামী হোটেল থেকে মদ সংগ্রহ করে।
পরবর্তীতে রাত ১০টা ১৫ মিনিটের দিকে তারা ফুলবাড়ী দক্ষিণপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন শ্মশানঘাট সড়কের পাশে একটি নির্মাণাধীন পুরাতন সুনসান ভবনে যায়। সেখানে রকি নামের আরও এক যুবক তাদের সাথে যোগ দেন। ভুক্তভোগীর অভিযোগ, ভবনের ভেতর মদ্যপানের একপর্যায়ে অভিযুক্তরা জোরপূর্বক পালাক্রমে তাকে ধর্ষণ করে।
ধর্ষণ শেষে রাত ১১টার দিকে অভিযুক্ত বাধন ওই তরুণীকে ঘটনাস্থল থেকে বাইরে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তারা শহরের ‘বিগ বাজার’ এলাকায় পৌঁছালে ভুক্তভোগী তরুণী চিৎকার করে স্থানীয়দের সহায়তা চান। এ সময় বেগতিক দেখে বাধন তাকে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত পুলিশে খবর দিলে বগুড়া সদর থানার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনাহার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তরুণীকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, “ভুক্তভোগী তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় একটি কঠোর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা গ্রহণ করা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। গ্রেপ্তারকৃতদের আজই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”
এ.আই.এল/সকালবেলা