
শুভ সরকার, নড়াইল প্রতিনিধি: নড়াইলে পিকআপ ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে পিকআপের হেলপার নিহত হয়েছেন। এ সময় ট্রলিতে থাকা আরও ৪ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৮ মে) সকাল ১১টার দিকে নড়াইল-ঢাকা মহাসড়কের সদর উপজেলার তালতলা ঘোষবাড়ি পল্লী বিদ্যুৎ অফিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনজুরুল ইসলাম বাবু (২৫) সাতক্ষীরা জেলার গোয়াল বাথান গ্রামের হাশেম আলীর ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত পিকআপের হেলপার (সহকারী) হিসেবে কর্মরত ছিলেন।
আহতরা হলেন—নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের আমজেদ আলীর ছেলে ইনামুল (১৯), ধুড়িয়া গ্রামের জামির মোল্যার ছেলে হুসাইন (১৮), জালালের ছেলে আকাশ (১৮) ও একই গ্রামের আকাশ খান (২১)। তাঁরা সবাই ট্রলির আরোহী ও পেশায় দিনমজুর শ্রমিক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, যশোর-নড়াইল-ঢাকা মহাসড়কের নড়াইল সদর উপজেলার তালতলা ঘোষবাড়ি পল্লী বিদ্যুৎ অফিসের সামনের সড়কে দ্রুতগামী একটি ট্রলি ও পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায় এবং হেলপার বাবু ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন ট্রলিতে থাকা আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শী ওহিদুর রহমান জানান, নড়াইল থেকে লোহাগড়া অভিমুখী দুটি ট্রলি বেপরোয়া গতিতে একে অপরের সাথে পাল্লা দিয়ে যাচ্ছিল। এ সময় লোহাগড়া থেকে যশোরগামী বিপরীতমুখী পিকআপটির সাথে একটি ট্রলির মুখোমুখি তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, “সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মোট ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ইনামুলের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত ও নিবিড় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা এখানে চিকিৎসাধীন।”
নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সেকেন্দার আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহত পিকআপ হেলপারের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করে হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। এ বিষয়ে একটি সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে।”
এ.আই.এল/সকালবেলা