
আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো: রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবঘোষিত কমিটিকে ঘিরে তীব্র অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ক্ষোভের জেরে রাজশাহী থেকে সব রুটে আকস্মিক বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
সোমবার (১৮ মে) সকাল থেকে ক্ষুব্ধ শ্রমিকদের একাংশ বাস চলাচল বন্ধ করে দিলে চরম বিপাকে পড়েন সাধারণ ও দূরপাল্লার যাত্রীরা।
শ্রমিক সূত্রে জানা গেছে, গতকাল রবিবার (১৭ মে) কেন্দ্রীয় ফেডারেশনের পক্ষ থেকে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়। তবে এই নতুন কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করে সাধারণ শ্রমিক ও চালকদের একটি বড় অংশ। এর প্রতিবাদে আজ সোমবার সকাল থেকেই রাজশাহী থেকে ঢাকা, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গসহ অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল নতুন কমিটির তীব্র বিরোধিতা করে বলেন, “এই বিতর্কিত কমিটির অধীনে আমরা বাস পরিচালনা করতে চাই না। অনতিবিলম্বে এই কমিটি বাতিল করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।”
অন্যদিকে, নবঘোষিত কমিটির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম তাঁর কমিটির বৈধতা দাবি করে বলেন, “স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করেই কেন্দ্রীয় ফেডারেশন এই নিয়মতান্ত্রিক কমিটি ঘোষণা করেছে। কিছু সুবিধাবাদী শ্রমিক এই কমিটিতে কাঙ্ক্ষিত পদ বা স্থান না পাওয়ায় অন্যায়ভাবে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। তবে সাধারণ যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে দ্রুতই বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।”
এদিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনালে শত শত যাত্রী আটকা পড়েছেন। বিশেষ করে ঢাকাগামী দূরপাল্লার যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। ঢাকাগামী এক ভুক্তভোগী বাসযাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘দুই দিন আগে ‘দেশ ট্রাভেলস’ বাসে ঢাকা যাওয়ার টিকিট কেটেছিলাম সকাল ১১টার বাসের। কাউন্টারে আসার পর তারা বাস যাবে না বলে টাকা ফেরত দিয়েছে। এতে চরম সমস্যায় পড়েছি। আজ জরুরি কাজে আমার ঢাকায় যেতেই হবে, এখন বিকল্প পথে কীভাবে যাওয়া যায় তা নিয়ে চিন্তায় আছি।”
এ.আই.এল/সকালবেলা