
অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুবাহী ট্রাকের সামনে সংশ্লিষ্ট পশুর হাটের নাম ও ঠিকানা ব্যানারে স্পষ্টভাবে প্রদর্শনের বিশেষ নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আজ সোমবার (১৮ মে) গণমাধ্যমে পাঠানো এক জরুরি সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এই নতুন নির্দেশনার তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সমিতির মহাসচিব মো. সাইফুল আলম জানান, সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত অনুযায়ী দেশের যেকোনো প্রান্ত থেকে কোরবানির পশু—গরু, ছাগল, মহিষসহ অন্যান্য গবাদিপশু—যে হাটে বিক্রির জন্য নেওয়া হবে, সেই হাটের নাম ও নির্দিষ্ট ঠিকানা ট্রাকের সামনে দৃশ্যমান বড় ব্যানারে লিখে রাখতে হবে।
মহাসচিব বলেন, ট্রাকে হাটের নাম স্পষ্ট লেখা থাকলে মহাসড়কে চলাচলকালে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া অনেক সহজ হবে। এর ফলে পথিমধ্যে যেকোনো ধরনের অপ্রীতিকর হয়রানি, অনাকাঙ্ক্ষিত চাঁদাবাজি বা অহেতুক বাধার আশঙ্কা অনেকাংশে কমে যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পশুবাহী গাড়িগুলো পরিবহনের সময় রাস্তায় কোনো ধরনের সমস্যার মুখোমুখি হলে চালক বা সংশ্লিটদের তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীর সরাসরি সহযোগিতা নিতে বলা হয়েছে। কোরবানির পশুর সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ঈদযাত্রার ট্রাফিক ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখতে এই নির্দেশনাটি যথাযথ ও বাধ্যতামূলকভাবে পালনের জন্য দেশের সব ট্রাক মালিক, বুকিং এজেন্ট ও চালকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে সমিতি।