
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ। আজ সোমবার (১৮ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ আজ সোমবার সকালে ডিএমপি সদরদপ্তরে এসে পৌঁছান এবং আনুষ্ঠানিকভাবে নিজের নতুন পদের দায়িত্বভার বুঝে নেন।
এর আগে, গতকাল রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক জরুরি প্রজ্ঞাপনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার তথ্য জানায় সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, এই আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর করা হবে।
উল্লেখ্য, সাবেক কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর পদত্যাগের পর অতিরিক্ত কমিশনার মো. সরোয়ার ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে তাঁর চাকরির মেয়াদ শেষ হওয়ায় গত ১৪ মে তিনি অবসরে যান এবং অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তাঁর দায়িত্ব নেওয়ার তিন দিনের মাথায় মোসলেহ্ উদ্দিন আহমদকে ডিএমপির পূর্ণাঙ্গ কমিশনার হিসেবে নিয়োজিত করা হলো। তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন।