
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে ধান ওড়ানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৮ মে) সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের তের আলী খাঁর ছেলে মজিবর খাঁ (৬০) এবং তাঁর স্ত্রী মোমেনা খাতুন (৫৫)। একই সাথে স্বামী-স্ত্রীর এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার ভোরে নিজ বাড়ির আঙিনায় বৈদ্যুতিক ফ্যান চালিয়ে ধান ওড়ানোর (ধান থেকে ময়লা পরিষ্কার করা) প্রস্তুতি নিচ্ছিলেন মজিবর খাঁ। ফ্যানে বিদ্যুতের সংযোগ দেওয়ার পরও সেটি চালু না হওয়ায় তিনি ত্রুটি পরীক্ষা করতে যান। এ সময় হঠাৎ করে তিনি সরাসরি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং চলন্ত ফ্যানটি তাঁর বুকের ওপর পড়ে যায়। স্বামীকে ছটফট করতে দেখে স্ত্রী মোমেনা খাতুন কোনো কিছু না ভেবেই তাঁকে বাঁচাতে যান। এতে তিনিও বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।