
মো. দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় ৩ জনকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আপন ছোট ভাই ও চাচাতো ভাইদের বিরুদ্ধে। শনিবার (১৬ মে) বিকেল সাড়ে তিনটায় উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামে এ বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন—করিমখাঁ গ্রামের মো. লিটন মিয়া, তাঁর ছোট মেয়ে সুমাইয়া আক্তার ও লিটনের নাতি ফরহাদ। আহত লিটন মিয়া জানান, তাঁর নাতি ফরহাদ ৩শত টাকা ধার নিয়ে পরিশোধ করছে না—এমন কাল্পনিক অভিযোগ তুলে একই গ্রামের ফেরদাউশ ও ফারুক তাকে মারধর শুরু করে। এ সময় লিটন মিয়া এগিয়ে গিয়ে বলেন, “আমার নাতি আর তোর নাতি তো একই, তাকে মারধর করছিস কেন?” এই কথা বলা মাত্রই তারা ক্ষিপ্ত হয়ে লিটন মিয়ার ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হামলা চালায়। একপর্যায়ে লিটনের স্ত্রী এগিয়ে আসলে তাকেও লাথি, কিল-ঘুষি মারা হয় এবং বাবাকে বাঁচাতে ছোট মেয়ে সুমাইয়া এগিয়ে আসলে তাকেও দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করা হয়। পরে তাঁদের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাঁদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
আহত লিটন মিয়ার স্ত্রী রোশনারা বেগম ও বড় মেয়ে ফাতেমা বেগম অভিযোগ করে জানান, “আমার আপন চাচা ফারুকের সাথে দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ইতিপূর্বেও আমরা তাদের হাতে মারধরের শিকার হয়েছি। সেই পূর্বশত্রুতার জের ধরেই মূলত এই তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আমাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। গুরুতর আহত বাবা ও বোনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এই অন্যায়ের সুষ্ঠু বিচারের দাবিতে গজারিয়া থানায় মামলা দায়ের করব।”
এ বিষয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহিম তাসিম জানান, আহত অবস্থায় তিনজন রোগী হাসপাতালে এসেছিলেন। এর মধ্যে শরীরে গুরুতর আঘাত থাকায় দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং অপর একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী জানান, “এই মারধরের ঘটনায় এখন পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ পাইনি। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ.আই.এল/সকালবেলা