
নিজস্ব প্রতিবেদক: হত্যার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানার আরও দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রয়েছে। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে ‘নো অর্ডার’ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
আজ রোববার (১৭ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। এর ফলে ওই দুটি মামলাসহ তাঁর বিরুদ্ধে থাকা মোট ১২টি মামলাতেই আইভীর জামিন বহাল রইল। তাঁর কারামুক্তিতে এখন আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
এর আগে, প্রথম দফায় ১০টি মামলায় হাইকোর্টে জামিন মঞ্জুরের পর সিদ্ধিরগঞ্জ থানার ওই দুটি মামলায় আইভীকে নতুন করে গ্রেফতার দেখানো হয়। এর মধ্যে গত ২ মার্চ একটি এবং ১২ এপ্রিল অপর মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়েছিল। পরবর্তীতে ৩০ এপ্রিল হাইকোর্ট এক রুলে আইভীকে অন্তর্বর্তীকালীন জামিন দিলে রাষ্ট্রপক্ষ তা স্থগিতের আবেদন করে। আজ চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের সেই আবেদন নিষ্পত্তি করে দেওয়ায় আইভীর জামিন টিকে যায়।
আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু এবং এস এম সিদ্দিকুর রহমান। সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
মামলার ব্যাকগ্রাউন্ড থেকে জানা যায়, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেফতার করে পুলিশ। প্রথমে তাঁকে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের ঘটনায় হওয়া তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। গত ৯ নভেম্বর হাইকোর্ট এই পাঁচ মামলায় তাঁর জামিন মঞ্জুর করলেও চেম্বার আদালত তা স্থগিত করেছিলেন। পরবর্তীতে গত ১০ মে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে দিলে এই পাঁচ মামলায় তাঁর জামিন বহাল হয়।
তবে প্রথম দফার পর গত বছরের নভেম্বরে ফতুল্লা ও নারায়ণগঞ্জ সদর থানায় আরও পাঁচটি মামলায় আইভীকে গ্রেফতার দেখানো হয়। গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট এই পাঁচ মামলায় তাঁকে জামিন দিলেও চেম্বার আদালত তা পুনরায় স্থগিত করেন। সর্বশেষ গত ১০ মে আপিল বিভাগ সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে রুল নিষ্পত্তির নির্দেশ দিলে এই পাঁচ মামলাতেও তাঁর জামিন নিশ্চিত হয়।
আইভীর অন্যতম আইনজীবী এস এম হৃদয় রহমান বলেন, "১২টি মামলায় আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন ও আপিল বিভাগের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর প্রক্রিয়া চলছে। আইনি সব প্রক্রিয়া শেষ করে চলতি সপ্তাহেই তিনি কারামুক্ত হতে পারেন বলে আমরা আশা করছি।"