
আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বিদেশী মদ, এয়ারগান, বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্রসহ নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৭ মে) সকালে ভাঙ্গা থানায় মামলাটি দায়ের করা হয়।
পুলিশ জানায়, শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার কাওলিবেড়া ইউনিয়নের চরমুগডোবা গ্রামের মাইনুল ইসলাম খান রিপনের বাড়িতে বিশেষ অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানকালে ওই বাড়ি থেকে ১১ বোতল বিদেশী মদ, একটি বিদেশী এয়ারগান, ৯০০ পিস এয়ারগানের গুলি, একটি চাইনিজ কুড়াল, দুইটি চাপাতি, ২৬ পিস শটগানের কার্তুজ, পাঁচটি রামদা, নগদ ২ লাখ ৫ হাজার টাকা, ছয়টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন—ভাঙ্গা উপজেলার বালিয়াহাটি গ্রামের মৃত সাদেক আলী খাঁনের ছেলে রবিন খান (৪৩) এবং চরমুগডোবা গ্রামের মাইনুল ইসলাম খান রিপনের স্ত্রী রাশিদা আক্তার (৪০)। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়া অন্য তিন পলাতক আসামিরা হলেন—মাইনুল ইসলাম খান রিপন (৫০), বেল্লাল (৪৫) ও নুর মোহাম্মদ (৪০)।
মামলার বাদী জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) দীপন কুমার মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন যে চরমুগডোবা গ্রামের রিপনের বাড়িতে কয়েকজন ব্যক্তি অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। পরে সেখানে আকস্মিক অভিযান চালিয়ে রাশিদা আক্তার ও রবিন খানকে হাতেনাতে আটক করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত সকল আলামত জব্দ করা হয়েছে এবং আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভাঙ্গা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ২৫/১৫৭ নম্বর মামলা রুজু করা হয়েছে।
এ.আই.এল/সকালবেলা