
স্টাফ রিপোর্টার, বরিশাল: ‘ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে ধারণ করে বরিশাল আঞ্চলিক পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৬ মে) বরিশাল আউটার স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়া উদ্দিন হায়দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান এবং বরিশালের জেলা প্রশাসক (ডিসি) খাইরুল আলম সুমনসহ জেলা ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
উদ্বোধনী দিনে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত শিশু ও কিশোর খেলোয়াড়দের পাশাপাশি তাদের নিজ নিজ টিমের অফিশিয়ালরা অংশ নেন। টুর্নামেন্টকে কেন্দ্র করে স্টেডিয়াম এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং ক্রীড়াকে পেশা হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে সরকারি বিভিন্ন সহায়তার আশ্বাস দেন।
এ.আই.এল/সকালবেলা