
সাতক্ষীরা সদর উপজেলায় তাছলিমা খাতুন (৩৫) নামে চার মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী সাদ্দাম হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। শনিবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ি গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৬ বছর আগে তাছলিমার সঙ্গে সাদ্দাম হোসেনের বিয়ে হয়। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। নিহত তাছলিমা চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
নিহতের বড় মেয়ে সাদিয়া সুলতানা (১২) জানায়, তার বাবা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নেশার টাকার জন্য প্রায়ই মায়ের সঙ্গে ঝগড়া ও শারীরিক নির্যাতন করতেন। ঘটনার রাতে সে, তার ছোট ভাই নুর হোসেন (৯) ও দাদি পাশের কক্ষে ঘুমিয়ে ছিল। রাতের একপর্যায়ে মায়ের গোঙানির শব্দ শুনে তারা ঘরে ছুটে গিয়ে দেখে তাছলিমা রক্তাক্ত অবস্থায় ছটফট করছেন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা নুরুজ্জামান ক্ষোভ ও কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, বিয়ের পর থেকেই সাদ্দাম তাঁর মেয়ের ওপর নানাভাবে নির্যাতন চালাতেন। মাদক সেবনের টাকার জন্য এই নির্যাতন নিয়মিত রূপ নিয়েছিল। তিনি এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করতে মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।