
সিলেটে এক অভিনব চুরির ঘটনা ঘটেছে, যেখানে চোরেরা সাধারণ কোনো উপায়ে নয়, বরং প্রাইভেট কারে এসে মাদরাসার দানবাক্সের টাকা লুট করে নিয়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত শেষরাতে নগরের ১০ নং ওয়ার্ডের ঘাসিটুলা জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদরাসার গেটের সামনে এ ঘটনা ঘটে।
সম্প্রতি একইভাবে আরও কয়েকটি মসজিদের দানবাক্স চুরির ঘটনা ঘটায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
মাদরাসার দানবাক্স চুরির একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফুটেজে দেখা যায়, ভোর রাত আনুমানিক ৩টা ৪৬ মিনিটের দিকে একটি সাদা রঙের প্রাইভেট কার এসে মাদরাসার দানবাক্সের সামনে থামে। গাড়িটি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ভেতর থেকে এক যুবক বের হন।
এর পরপরই সাদা টি-শার্ট পরিহিত আরও এক যুবক গাড়ি থেকে নেমে আসেন। তারা দুইজন মিলে একটি আধুনিক ড্রিল মেশিন দিয়ে দানবাক্সের তালা কেটে ফেলেন এবং ভেতরের সব টাকা লুটে নেন। টাকা নিয়ে তারা গাড়িতে ওঠার সময় পাশ দিয়ে একটি মোটরসাইকেল চলে যেতে দেখা যায়। এরপর চোর চক্রের একজন আবারও গাড়ি থেকে নেমে দানবাক্সের অবশিষ্ট টাকাও তুলে নেয় এবং দ্রুত গাড়িটি নিয়ে স্থান ত্যাগ করে।
এলাকাবাসীর দাবি, একই রাতে একই কায়দায় ওই এলাকার আরও কয়েকটি মসজিদ থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। এমন অভিনব ও দুঃসাহসিক চুরির ঘটনায় উদ্বেগ জানিয়ে তারা দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে চুরির ভিডিওটি তারা দেখেছেন। এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের দুইজন সাব-ইন্সপেক্টরসহ একটি বিশেষ দল ইতিমধ্যে কাজ শুরু করেছে।
উল্লেখ্য, এর আগে সিলেট মহানগর বিএনপি সভাপতির ৫০ লাখ টাকা ও আরও এক জায়গা থেকে ২০ লাখসহ মোট ৭০ লাখ টাকা লুটের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল।