
ক্রীড়া ডেস্ক: সিলেট টেস্টের দ্বিতীয় দিনে শুরুতেই বল হাতে দারুণ তাণ্ডব চালিয়েছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। তাঁর দুর্দান্ত বোলিংয়ে দ্রুত দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে পড়েছে সফরকারী পাকিস্তান।
প্রথম দিনের খেলা শেষে ৬ ওভারে বিনা উইকেটে ২১ রান করেছিল পাকিস্তান। আজ রোববার (১৭ মে) সকালে মেঘলা আবহাওয়া ও ফ্লাডলাইটের নিচে বোলিং শুরু করে বাংলাদেশ। পেস সহায়ক এই কন্ডিশন দারুণভাবে কাজে লাগিয়ে দিনের দ্বিতীয় ওভারেই আঘাত হানেন তাসকিন। ওভারের তৃতীয় বলে ওপেনার আব্দুল্লাহ ফজলের ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। বাঁ দিকে ঝাঁপিয়ে একটি দুর্দান্ত ক্যাচ লুফে নেন লিটন।
প্রথম উইকেটের রেশ কাটতে না কাটতেই নিজের পরের স্পেলে আরেকটি উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে আরও বিপদে ফেলেন তাসকিন। সকালের সেশনে দুই প্রান্ত থেকেই তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম বেশ নিয়ন্ত্রিত বোলিং করে পাকিস্তানি ব্যাটারদের ওপর চাপ বজায় রাখেন।
এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের চমৎকার ১২৬ রানের সেঞ্চুরির ওপর ভর করে ২৭৮ রান সংগ্রহ করে। এখন ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিতে বোলারদের পারফরম্যান্সের ওপরই ভরসা করছে স্বাগতিক দল।