
মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের টেকুয়াপাড়া গ্রামে ১৫টি বাড়িতে দুর্বৃত্তরা হত্যা ও ডাকাতির হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে। এতে আসন্ন ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশু নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় খামারি ও সাধারণ মানুষ। এ ঘটনায় শুক্রবার (১৫ মে) রাতে আলহাজ্ব মো. আমজাদ হোসেন বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয়রা জানান, গত ৪-৫ দিনে টেকুয়াপাড়া গ্রামের অন্তত ১৫ জনের বাড়িতে দুর্বৃত্তরা নিজেদের ‘রঘু ডাকাত’ পরিচয় দিয়ে চিঠি পাঠিয়েছে। চিঠিতে লেখা রয়েছে, ‘কালকে আপনাদের বাড়িতে ডাকাতি করতে আসবো, তাই দরজা খোলা রাখবেন, না খুলে রাখলে জিন্দা খালাস’। এর মধ্যে গত ১২ মে রাতে এই চক্রটি জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করে টেকুয়াপাড়া গ্রামের আলহাজ্ব মো. আমজাদ হোসেনের বাড়ির সবাইকে অচেতন করে নগদ ১ লাখ টাকা, ১২ ভরি স্বর্ণ ও ৫ ভরি রূপার গহনাসহ দামি জিনিসপত্র লুট করে। আমজাদ হোসেনের দাবি, এতে তাঁর প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে একই কায়দায় আবু হোসেনের বাড়ি থেকে ২ লাখ টাকা দামের একটি ষাঁড় গরু চুরি করে নিয়ে যায় চক্রটি।
একের পর এক চিঠিতে উদ্বিগ্ন গ্রামবাসী গত বৃহস্পতিবার (১৪ মে) রাতে স্থানীয় ক্লাবঘরে জরুরি বৈঠক করার সময় দুর্বৃত্তরা আবু সাঈদের বাড়ি থেকে দুটি গরু লুটের চেষ্টা করে। এ সময় আবু সাঈদের মেয়ে প্রাইভেট শিক্ষক বিথি খাতুন টের পেয়ে চিৎকার শুরু করলে গ্রামবাসী ছুটে আসেন এবং দুর্বৃত্তরা গরু ফেলে পালিয়ে যায়। তবে এই ঘটনার পর ওই রাতেই বিথি খাতুনকে উদ্দেশ্য করে ঘরের মধ্যে একটি রক্তমাখা চিঠি ফেলে যায় দুর্বৃত্তরা। চিঠিতে লেখা ছিল, ‘আপনার মেয়ের জন্য আজকে বেঁচে গেলেন, ভাইবেন না আবার বাঁচবেন... কালকে রাতে বাঁচতে চাইলে দরজা খোলা রাখবেন। না রাখলে জিন্দা লাশ বানিয়ে দিবো। ইতি রঘু ডাকাত। কোড নং ০৬’।
টেকুয়াপাড়া মিলন সংঘের সভাপতি দেলোয়ার হোসেন জানান, চিঠির কারণে গ্রামের যুবকেরা রাত জেগে পাহারা দিলেও অপরাধীদের তৎপরতা ঠেকানো যাচ্ছে না। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই কোরবানির ষাঁড় লালন-পালন করা হচ্ছে, যা নিয়ে খামারিরা চরম দুশ্চিন্তায় আছেন। সন্ধ্যা নামলেই গ্রামের রাস্তাঘাট ও বাজার জনশূন্য হয়ে পড়ছে।
শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, “ঘটনাটি জানার পর আমরা তদন্ত শুরু করেছি। এর মধ্যেই চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।” শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন জানান, ঘটনাটি জানার পর এ বিষয়ে দ্রুত ও কার্যকরী ব্যবস্থা নিতে শাহজাদপুর থানার ওসিকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
এ.আই.এল/সকালবেলা