
জাহিদ শিকদার, বিশেষ প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
শনিবার (১৬ মে) দুপুর ১টার দিকে উপজেলার পাখিমারা বাজার এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলার পাখিমারা বাজার এলাকায় অবৈধ ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে একটি ঝটিকা অভিযান চালায় প্রশাসন। এ সময় সবুজ আকন (৪০) নামে এক জালের ব্যবসায়ীর গোডাউনে তল্লাশি চালিয়ে এক হাজার পিস নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়; যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৫ হাজার টাকা। অবৈধ জাল মজুদের দায়ে মৎস্য সুরক্ষা আইন ১৯৫০ এর ধারা ৩(ক) মোতাবেক উক্ত ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে জব্দকৃত নিষিদ্ধ চায়না দুয়ারি জালগুলো পরবর্তীতে উপজেলা পরিষদের একটি নির্দিষ্ট খোলা স্থানে এনে আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়। দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান আগামীতেও নিয়মিত অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ.আই.এল/সকালবেলা