
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চেয়ে হাইকোর্টে আবারও রিট পিটিশন দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবীদের করা আগের রিট আবেদনটি খারিজ হওয়ার পর এবার বিসিবির সাবেক সভাপতি মো. আমিনুল ইসলাম বুলবুল এবং ফারুক আহমেদসহ নির্বাচিত ১২ জন পরিচালক যৌথভাবে এই নতুন রিটটি করেছেন।
শনিবার (১৬ মে) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনটি উত্থাপন করা হলে আদালত আগামী সপ্তাহে এটি শুনানির জন্য উপস্থাপনের অনুমতি দেন।
রিট আবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ৬ অক্টোবর স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে বিসিবির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচিত প্রতিনিধিরা নিয়ম অনুযায়ী দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু কোনো ধরনের পূর্ব নোটিশ না দিয়ে এবং শুনানির সুযোগ না দিয়েই গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে নির্বাচিত কমিটি ভেঙে দেয়। এরপর সাবেক অধিনায়ক তামিম ইকবাল খানকে চেয়ারম্যান করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।
রিটকারীদের আইনজীবীরা দাবি করেছেন, সরকারের এই আকস্মিক হস্তক্ষেপ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গঠনতন্ত্র ও নিয়মাবলীর পরিপন্থী। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো সদস্য দেশের সরকার বা সরকারি সংস্থা ক্রিকেট বোর্ডের কার্যকলাপে সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। ফলে এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশ আইসিসির সদস্যপদ হারানোর মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে, যা দেশের ক্রিকেটের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে।
রিট আবেদনে আরও উল্লেখ করা হয়, নির্বাচিত প্রতিনিধিদের আইনি প্রক্রিয়া ছাড়া দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। আবেদনে ৭ এপ্রিলের ওই সিদ্ধান্তকে কেন বেআইনি ও কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারির পাশাপাশি অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত করার আর্জি জানানো হয়েছে।
এর আগে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন নির্বাচিত বোর্ড ভেঙে দিয়ে গঠিত ১১ সদস্যের এই অ্যাডহক কমিটিতে সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান ছাড়াও বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের পরিবারের সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৩০ এপ্রিল সুপ্রিম কোর্টের সাত আইনজীবী একটি রিট করেছিলেন, যা গত ১১ মে হাইকোর্টের অন্য একটি বেঞ্চ খারিজ করে দেন।