
আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে ঘরের মেঝে খুঁড়ে (সিঁধ কেটে) ভেতরে ঢুকে এক কলেজছাত্রীকে মুখ চেপে ও চেতনানাশক খাইয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত
শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে উপজেলার চম্পাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এই বর্বরোচিত ঘটনা ঘটে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে ভুক্তভোগী তরুণীর মা তাঁর ছোট ভাইকে নিয়ে নদীতে চিংড়ির রেণু ধরতে গিয়েছিলেন। টিনশেড ঘরে ওই তরুণী একাই ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দেড়টার দিকে দুজন মুখোশধারী যুবক সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। তারা ধারালো বঁটি উঁচিয়ে তরুণীকে হত্যার হুমকি দেয় এবং চেতনানাশক উপাদান প্রয়োগ করে একাধিকবার ধর্ষণ করে।
একপর্যায়ে ওই কলেজছাত্রী সাহসের সাথে প্রতিরোধ গড়ে তুলে চিৎকার শুরু করলে চারপাশের প্রতিবেশীরা দ্রুত এগিয়ে আসেন। অবস্থা বেগতিক দেখে ধর্ষকেরা ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। স্বজনরা জানান, ঘরের বেড়ার নিচে মাটি খোঁড়া ছিল এবং উদ্ধারের সময় তরুণীর শরীর থেকে চেতনানাশকের তীব্র গন্ধ আসছিল।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।
এ.আই.এল/সকালবেলা