
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আগামী জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শনিবার (১৬ মে) মালয়েশিয়ার কুয়ালালামপুরের প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান তাঁর সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিতে স্থানীয় সময় বিকেল ৬টার দিকে প্রবাসী সাংবাদিকেরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেন।
আফরোজা আব্বাস জানান, চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে পুরোপুরি সুস্থতার জন্য এখনো তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চিকিৎসার সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসকে পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার আওতায় রাখা হয়েছে। চিকিৎসার প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং চিকিৎসক দল তাঁর শারীরিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন।’ চিকিৎসকের পরামর্শে মির্জা আব্বাস প্রতিদিন হুইলচেয়ারে করে হাসপাতালের নিচে কিছু সময়ের জন্য চলাফেরাও করছেন বলে জানান তিনি।