
নিজস্ব প্রতিবেদক: বিগত ১৬ বছরে উন্নয়নের নামে দেশের মানুষের লক্ষ-কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে ফোকলা করে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে প্রশাসনকে রাজনীতিকীকরণের মাধ্যমে এর দক্ষতা নষ্ট করা এবং অন্য দেশের চিকিৎসা ব্যবস্থার সুবিধার জন্য দেশীয় চিকিৎসা খাতকে ধ্বংস করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
শনিবার (১৬ মে) বিকেল ৫টার দিকে চাঁদপুর সদরের ঐতিহাসিক ‘বিশ্বখাল’ পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনকল্যাণমুখী বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "আমরা নির্বাচনের আগে জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা একে একে বাস্তবায়ন শুরু করেছি। ফ্যামিলি কার্ডের কাজ শুরু হয়েছে, দেশব্যাপী খাল খনন কর্মসূচিও চলছে। এর মাধ্যমে গ্রাম থেকে শহরের সর্বস্তরের মানুষ উপকৃত হবে। এছাড়া ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে দেশের কৃষকদের স্বাবলম্বী করা হবে।" তিনি জোর দিয়ে বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তন করা এবং দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি মহলের অপতৎপরতার সমালোচনা করে তারেক রহমান বলেন, "আমরা যখন জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করতে শুরু করেছি, তখন কিছু সংক্ষুব্ধ মানুষ বিভ্রান্তিমূলক কথা বলছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য সাধারণ মানুষকে সর্বদা সজাগ থাকতে হবে।"
১২ ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ সচেতন ছিল বলেই সেই নির্বাচনে তারা বিএনপির পক্ষে রায় দিয়েছে। জনগণ যেসব কাজ করার ম্যান্ডেট দিয়েছে, সরকার তা অবশ্যই বাস্তবায়ন করবে। কেউ যদি এখানে বাধা সৃষ্টি করতে চায়, তবে সচেতন জনগণই তাদের সেই ষড়যন্ত্র ভেস্তে দেবে। তাই কোনো বিভ্রান্তিকারীর ফাঁদে পা না দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির মূল উৎস উল্লেখ করে তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেন, "জনগণ যতক্ষণ আমাদের সমর্থন দেবে, আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাব। এ থেকে একবিন্দুও এদিক-ওদিক হওয়া হবে না।"
বিশ্বখাল পুনঃখননের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলন এবং জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমদ মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।