
শেখ রনদ সিমান্ত, বিশেষ প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন তিস্তা নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুর ১টার দিকে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—রাজপুর বাজার এলাকার রেজাউল করিম মাস্টারের বড় ছেলে সিফাউল করিম সিফাত (১৮) ও ছোট ছেলে সোহায়েব করিম স্বচ্ছ (১৩)। তারা দুজনেই লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার ছুটির দিন হওয়ায় দুই ভাই তিস্তার চরে ফুটবল খেলতে যায়। খেলা শেষে গোসল করার জন্য তারা নদীর তীরে থাকা একটি ডিঙি নৌকায় ওঠে। এ সময় নৌকার দোলায় ছোট ভাই স্বচ্ছ হঠাৎ পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে বড় ভাই সিফাত দ্রুত নদীতে ঝাঁপ দেয়। কিন্তু নদীর নিচে থাকা গভীর গর্তে তলিয়ে গিয়ে দুজনেরই মর্মান্তিক মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে তিস্তার তীর সংরক্ষণে জিও ব্যাগ ভরার কাজে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ওই স্থান থেকে বালু উত্তোলন করেছিল। এতে নদীর তলদেশে প্রায় ১৫ থেকে ১৬ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়। উদ্ধার কাজে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা মো. রুবেল ইসলাম বলেন, “আমি পানিতে নেমে দেখি, ছোট ভাইয়ের হাত শক্ত করে ধরে আছে বড় ভাই। ধারণা করছি, ছোট ভাই পড়ে যাওয়ার পর তাকে বাঁচাতে গিয়েই বড় ভাইও তলিয়ে যায়।”
রাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য ডাবলু অধিকারী গভীর শোক প্রকাশ করে বলেন, ছেলে দুটি অত্যন্ত ভদ্র ও মেধাবী ছিল। তাদের বাবা গতকাল পায়ের অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মা-ও তাঁর সঙ্গে ছিলেন। বাড়িতে অভিভাবক না থাকায় তারা নদীতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ.আই.এল/সকালবেলা