
নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, "২০ কোটি মানুষের ৪০ কোটি হাত যদি একসঙ্গে কাজ করা ধরে, ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা পৃথিবীর বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবো।"
শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ঐতিহ্যবাহী ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আন্দোলনে শহীদদের স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই এলাকায় সাতজন এবং জুলাই-আগস্টে সারা দেশে বিএনপির প্রায় সাড়ে চারশ নেতাকর্মী জীবন আত্মাহুতি দিয়েছেন। তাদের মৃত্যুকে মূল্যায়ন করতে হলে আমাদের দেশ গঠনে নামতে হবে।
৪৮ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক খননকৃত এবং পরবর্তীতে ভরাট হয়ে যাওয়া ১৩ কিলোমিটার দীর্ঘ ‘খোর্দ্দ খাল’ পুনঃখননের ফলে দুই হাজারেরও বেশি কৃষক পরিবার এবং খালের দুই পাড়ের মানুষ পানির সুবিধা পাবে বলে তিনি উল্লেখ করেন।
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে মায়েদের হাতে আড়াই হাজার টাকা তুলে দেওয়া হবে, যাতে তারা শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যের যত্ন নেওয়ার পাশাপাশি নিজেরা স্বাবলম্বী হতে পারেন। চলমান বাজেটটি অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া হওয়ায় এতে বরাদ্দ ছিল না জানিয়ে তিনি বলেন, এবার বিএনপি সরকারের তৈরি করা আগামী বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হবে। কৃষক কার্ডের মাধ্যমে সার, বীজ ও কীটনাশক কেনার আর্থিক সহায়তা সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে।
নারী শিক্ষার প্রসারে বড় ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, "দেশনেত্রী খালেদা জিয়ার কর্মসূচিকে আরও এগিয়ে নিয়ে মেয়েদের শিক্ষাব্যবস্থা ইন্টারমিডিয়েট থেকে বাড়িয়ে ডিগ্রি বা স্নাতক পর্যন্ত ফ্রি করা হবে। ভালো ফলাফলের জন্য দেওয়া হবে উপবৃত্তি।"
তরুণদের বেকারত্ব নিরসনে কারিগরি শিক্ষার ওপর জোর দিয়ে তিনি বলেন, দেশে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিদেশে দক্ষ শ্রমিক পাঠানো হবে, যাতে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পায়। স্থানীয় সংসদ সদস্যের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী মঞ্চ থেকেই চাঁদপুরের সন্তান ও শিক্ষামন্ত্রীকে শাহরাস্তিতে দ্রুত একটি টেকনিক্যাল কলেজ স্থাপনের নির্দেশ দেন।
সবশেষে ‘করব কাজ, সবার আগে’ স্লোগান তুলে উপস্থিত জনতাকে দেশ গড়ার শপথ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "জনগণই হচ্ছে আমাদের সব রাজনৈতিক ক্ষমতার উৎস।"