
নিজস্ব প্রতিবেদক: দেশের নিম্ন আয়ের মানুষ ও কৃষকদের অর্থনৈতিক সুরক্ষায় আগামী জাতীয় বাজেটে ‘ফ্যামিলি কার্ড’ এবং ‘কৃষক কার্ড’-এর জন্য বড় আকারের তহবিল বরাদ্দ রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৬ মে) চাঁদপুরের শাহরাস্তিতে ঐতিহ্যবাহী খোর্দ্দ খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে তিনি এই ঘোষণা দেন।
চলমান বাজেটে বরাদ্দ না থাকার কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, "সামনের বাজেটে আমরা ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রাখব। চলমান বাজেটটি মূলত অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া বাজেট ছিল, যার কারণে এই খাতে আগে থেকে কোনো টাকা বরাদ্দ রাখা সম্ভব হয়নি।"
জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করে তারেক রহমান বলেন, "আমাদের উদ্দেশ্য একটাই—আমরা শুধু অলীক স্বপ্ন দেখতে চাই না, বরং সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে চাই। এমন পরিকল্পনা, যা বাস্তবায়িত হলে দেশের সাধারণ মানুষের সরাসরি উপকার হবে এবং দেশ অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে।"
দেশের কৃষি খাতের আধুনিকায়ন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নিজের মেগা প্ল্যান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "আগামী পাঁচ বছরের মধ্যে আমরা সারা বাংলাদেশে মোট ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করব। এই বিশাল পরিকল্পনা বাস্তবায়িত হলে খালের দুই পাশে বসবাসকারী সাধারণ মানুষ ও কৃষকেরা সরাসরি পানির সুবিধা পাবেন, যা ফসলের উৎপাদনে বড় ভূমিকা রাখবে।"
তিনি আরও জোর দিয়ে বলেন, দেশের কৃষকেরা স্বাবলম্বী হলে বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে মজবুত হবে। আর সামগ্রিক অর্থনীতি শক্তিশালী হলে তার সুফল দেশের প্রতিটি সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছাবে।