
বিগত সরকারগুলো দেশের অর্থনীতিকে একটি বিপর্যয়কর ও ভঙ্গুর অবস্থায় রেখে বিদায় নিয়েছে। সেই ক্ষত কাটিয়ে জাতীয় অর্থনীতিকে পুরোপুরি সচল ও পুনরুদ্ধার করতে আরও অন্তত দুই বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (১৬ মে) সকালে চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের পটভূমি তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, "বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় বড় ধরনের বৈশ্বিক সংকটের মুখোমুখি হতে হয়েছে। এই সংকটের কারণে শুধু জ্বালানি খাতেই আগামী অর্থবছরের প্রায় ৪০ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হয়ে গেছে। এছাড়া বিদ্যুৎ খাতসহ অন্যান্য বিদেশি ঋণের বকেয়া কিস্তি পরিশোধ করতে গত দুই মাসেই আরও ৫০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। সব মিলিয়ে আমাদের জাতীয় অর্থনীতি বর্তমানে বেশ কঠিন ও ঋণাত্মক অবস্থানে রয়েছে।"
স্বাস্থ্য খাতের অনিয়ম ও বিগত সরকারের সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, "পতিত সরকারের আমলে স্বাস্থ্য খাতের বরাদ্দের সিংহভাগই লুটপাট ও দুর্নীতিতে খোয়া গেছে। বর্তমান সরকার কেবল স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বাড়িয়েই নিজের দায় সারবে না; বরং সেই টাকা জনগণের কল্যাণে যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না, তা কঠোরভাবে মনিটরিং করা হবে।"
মেডিকেল কলেজ ও চিকিৎসাসেবা সংস্থায় পেশাদারিত্ব বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, "আগের সরকারগুলো দেশের বড় বড় মেডিকেল কলেজ ও হাসপাতালের অভ্যন্তরীণ বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপ করত। বর্তমান সরকার এই ধরণের কোনো প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করবে না। কারণ স্বায়ত্তশাসিত ও সেবাধর্মী প্রতিষ্ঠানে সরকারি হস্তক্ষেপ হলে তাদের পেশাদারিত্ব নষ্ট হয়ে যায়। এখানকার শিক্ষার মান ও চিকিৎসার পরিবেশ নষ্ট হলে শুধু হাসপাতাল বা সরকার ক্ষতিগ্রস্ত হয় না, সামগ্রিকভাবে গোটা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়।"
অনুষ্ঠানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের কর্মকর্তা, চিকিৎসক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।