
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে আজ শনিবার (১৬ মে) সকাল থেকে ট্রেনের ২৬ মের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীদের দুর্ভোগ কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আজ সকাল ৮টা থেকে দেশের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এরপর দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট। আগামী ২৮ মে ঈদুল আজহার সম্ভাব্য দিন ধরে গত ১৩ মে থেকে এই অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে।
২৫ মে থেকে সরকারিভাবে টানা সাত দিনের ঈদের ছুটি শুরু হওয়ার কারণে এবার ২৪ ও ২৫ মের ট্রেনের টিকিটের চাহিদা তুলনামূলক অনেক বেশি ছিল। ছুটি দীর্ঘ হওয়ায় আজ ২৬ মের টিকিটের জন্যও সকাল থেকে ওয়েবসাইটে বিপুলসংখ্যক যাত্রীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১৭ মে বিক্রি করা হবে ২৭ মে’র ঈদযাত্রার টিকিট। এছাড়া ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে ১০টি বিশেষ (স্পেশাল) ট্রেন চালানো হবে।
রেলওয়ের নিয়ম অনুযায়ী, একজন যাত্রী ঈদ যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার এবং সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। তবে এই অগ্রিম টিকিট কোনোভাবেই রিফান্ড বা ফেরত দেওয়া যাবে না। নিয়মিত আসনের পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং (আসনবিহীন) টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।