
নিজস্ব প্রতিবেদক: ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল পুনঃখনন কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের অভূতপূর্ব ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে তাঁর গাড়িবহর দাউদকান্দি টোল প্লাজা পার হয়ে কুমিল্লায় প্রবেশ করলে মহাসড়কের দুই পাশে হাজার হাজার মানুষের ঢল নামে।
সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দাউদকান্দি টোল প্লাজা থেকে শুরু করে গৌরীপুর, ইলিয়টগঞ্জ, চান্দিনা, নিমসার ও আলেখারচর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রতিটি মোড়ে অবস্থান নেন বিপুলসংখ্যক নেতাকর্মী। দাউদকান্দি সীমানায় পৌঁছালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে দলের নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
ইলিয়টগঞ্জ এলাকায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়ি ঘিরে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী তাঁর গাড়ি থামিয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। পরবর্তীতে চান্দিনা ও নিমসার এলাকাতেও রাস্তার দুপাশে দাঁড়িয়ে জনতা প্রধানমন্ত্রীকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, "প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য আজ মহাসড়কে শুধু দলীয় নেতাকর্মীই নয়, সাধারণ মানুষেরও ঢল নেমেছে। কুমিল্লা অংশে লাখের বেশি মানুষ উপস্থিত থেকে প্রিয় নেতাকে স্বাগত জানিয়েছেন।"
দলীয় সূত্র জানিয়েছে, মহাসড়কের এই গণসংবর্ধনা শেষে প্রধানমন্ত্রী কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি নির্ধারিত পথসভায় বক্তব্য রাখবেন। এরপর তিনি চাঁদপুরের শাহরাস্তিতে মূল কর্মসূচিতে যোগ দেবেন।