
নিজস্ব প্রতিবেদক: ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল পুনঃখননসহ একাধিক উন্নয়ন কর্মসূচি পালনের উদ্দেশ্যে শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ৮টার পর রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেন।
সফরসূচি অনুযায়ী, চাঁদপুরে যাওয়ার পথে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। দুপুর পৌনে দুইটায় চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন এলাকায় বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানের উদ্বোধন করারও কথা রয়েছে তাঁর।
বিকেলে চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরবর্তীতে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার মধ্য দিয়ে তাঁর দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শেষ হবে।
সফরের সব কর্মসূচি সমাপ্ত করে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে আবারও ঢাকার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা শুরু করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে চাঁদপুর ও কুমিল্লার স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।