
আব্দুল্লাহ আল মামুন, যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে খাবারের মান ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে ‘রেজাউল হোটেল’-এর বিরুদ্ধে। স্বল্পমূল্যে খাবার বিক্রির আড়ালে অস্বাস্থ্যকর পরিবেশে অত্যন্ত নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
মণিরামপুর মেইন রোডে সোনালী ব্যাংকের দক্ষিণ পাশে অবস্থিত এই হোটেলে পরিবেশিত মাংসে পশুর লোম ও নানা অপরিষ্কার উপাদান পাওয়া গেছে। সরেজমিনে ও ক্রেতাদের অভিযোগে জানা যায়, হোটেলটিতে অত্যন্ত নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করা হয়। পশুর লোমযুক্ত মাংস পরিবেশনের ঘটনায় স্থানীয় ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
ক্ষুব্ধ এক ভুক্তভোগী বলেন, “টাকা দিয়ে খাবার কিনে যদি লোমে ভরা মাংস খেতে হয়, তবে এটি মানুষের স্বাস্থ্যের সঙ্গে চরম তামাশা।” এ বিষয়ে হোটেল মালিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং কোনো সদুত্তর দিতে পারেননি। মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সম্রাট হোসেন জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসী জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, খাবারের মান পরীক্ষা এবং দায়ী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সেই সাথে উপজেলার সকল হোটেল-রেস্টুরেন্টে নিয়মিত মনিটরিং জোরদার করার আহ্বান জানান তাঁরা।
এ.আই.এল/সকালবেলা