
গাজীপুরের ধীরাশ্রম এলাকায় রেললাইনে মোবাইল ফোনে গেম খেলার সময় ট্রেনের নিচে কাটা পড়ে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-জয়দেবপুর রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোররা হলো নোয়াখালীর বেগমগঞ্জ থানার রামমধুপুর এলাকার মো. নোমানের ছেলে নাঈম (১৭) এবং নেত্রকোনার বারহাট্টা থানার পুটকিয়া এলাকার আবুল কাশেমের ছেলে আশিকুল (১৭)। নাঈম ধীরাশ্রম এলাকায় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল এবং আশিকুল একটি গ্যাসের দোকানে কাজ করত।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের এসআই মো. কাইয়ুম আলী জানান, রাতে নাঈম ও আশিকুল ধীরাশ্রম রেলস্টেশন সংলগ্ন রেললাইন দিয়ে হাঁটতে হাঁটতে মোবাইল ফোনে মগ্ন হয়ে গেম খেলছিল। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী 'তিস্তা এক্সপ্রেস' ট্রেন তাদের ধাক্কা দেয়। নাঈম ট্রেনের সামনে আটকে গিয়ে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয়।
রেলওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।