
মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের একটি ভাড়া বাসা থেকে খুশি খাতুন (২১) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) সকালে ঝিনাইদহ পৌর এলাকার কাঞ্চনপুর গ্রামের সাদাতিয়া সড়কের বেবি খাতুনের ভাড়া বাসা থেকে এই লাশটি উদ্ধার করা হয়।
নিহত খুশি খাতুন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আদালতপুর গ্রামের শহিদুল মোড়লের মেয়ে। তিনি সম্প্রতি ঝিনাইদহ শহরের পাগলাকানাই মোড়ে অবস্থিত 'আন্তরিক হোটেল' নামের একটি খাবার হোটেলে কাজ শুরু করেছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, খুশি খাতুন গত এক সপ্তাহ আগে বেবি খাতুনের বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। মঙ্গলবার রাতে হোটেলের কাজ শেষে 'স্বামী' পরিচয় দেওয়া এক ব্যক্তির সাথে তিনি ওই বাড়িতে ফেরেন। বুধবার সকালে খুশি খাতুনের ঘরের ভেতরে মোবাইল ফোন অনবরত বাজতে থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়। তাঁরা খোঁজ নিতে গিয়ে দেখেন ঘরের এক পাশের দরজা বন্ধ থাকলেও পেছনের দরজা খোলা এবং ঘরের মেঝেতে খুশির লাশ পড়ে আছে। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। লাশের গলায় আঘাতের চিহ্ন (ইনজুরি মার্ক) পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
এ.আই.এল/সকালবেলা