
নূর আহাম্মদ পলাশ: কিশোরগঞ্জ জেলা পরিষদে আগমন করেছেন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ ফজলুর রহমান এমপি।
বুধবার (১৩ মে) দুপুরে তিনি জেলা পরিষদ কার্যালয়ে পৌঁছালে জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরাও তাকে আন্তরিকভাবে স্বাগত জানান।
সাক্ষাৎকালে কিশোরগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে হাওর অঞ্চলের কৃষকদের বর্তমান দুর্দশা এবং কৃষি ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে গুরুত্বারোপ করা হয়। কৃষকদের জীবনমান উন্নয়ন এবং এলাকার অবকাঠামোগত অগ্রগতিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে উভয় পক্ষ আলোচনা করেন।
অ্যাডভোকেট মোঃ ফজলুর রহমান একজন বিশিষ্ট আইনজীবী ও জাতীয়তাবাদী রাজনীতির পরিচিত মুখ। তিনি বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য হিসেবে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অঞ্চলের প্রতিনিধিত্ব করছেন।
বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় তিনি কিশোরগঞ্জ জেলায় মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকার মানুষের উন্নয়ন ও কল্যাণে নিরলসভাবে অবদান রেখে চলেছেন।
এ.আই.এল/সকালবেলা