
নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে দুই দিনব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১০টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়।
নির্বাচন উপ-কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ ও আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তবে প্রতিদিন দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতি থাকবে।
কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদের বিপরীতে এবার ৪০ জন প্রার্থী লড়ছেন। সমিতির মোট ১১ হাজার ৯৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারের নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে গঠিত একটি উপ-কমিটি।
নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তিনটি রাজনৈতিক আদর্শ ভিত্তিক প্যানেলের মধ্যে: ১. নীল প্যানেল (বিএনপি সমর্থিত): সভাপতি পদে লড়ছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদে মোহাম্মদ আলী। ২. সবুজ প্যানেল (জামায়াত সমর্থিত): সভাপতি পদে আবদুল বাতেন এবং সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩. লাল-সবুজ প্যানেল (এনসিপি সমর্থিত): এই প্যানেল থেকে আংশিক প্রার্থী দেওয়া হয়েছে। সম্পাদক পদে লড়ছেন আজমল হোসেন বাচ্চু।
এছাড়া সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। সম্পাদক পদেও বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আগামীকাল ভোটগ্রহণ শেষে গণনা শুরু হবে।