
নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনীতি ও আর্থিক খাতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানি’র উদ্বোধন ও ফান্ড ঘোষণা অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি দেন।
আর্থিক খাতের সংস্কার ও উন্নয়নের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, “পুঁজিবাজার, বিনিয়োগ বাজার এবং সামগ্রিক আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, অর্থনৈতিক খাতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না। এই খাতকে সম্পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করা হবে।” তিনি আরও জানান, সরকারের এই স্বচ্ছ অবস্থানের কারণে বর্তমানে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের বাজারের প্রতি ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন।
অনুষ্ঠানটিতে দেশের ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের সমন্বয়ে গঠিত বাংলাদেশের প্রথম প্রাতিষ্ঠানিকভাবে পরিচালিত ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্মের প্রথম ফান্ডের উদ্বোধন করা হয়। প্রায় ৪২৫ কোটি টাকার মূলধন নিয়ে এই প্ল্যাটফর্মটি যাত্রা শুরু করেছে। এই বিশাল অংকের ফান্ড মূলত নতুন উদ্যোক্তাদের সিড (Seed), লেট-সিড এবং সিরিজ-এ পর্যায়ের স্টার্টআপগুলোতে বিনিয়োগ করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, রাজনৈতিক প্রভাবমুক্ত আর্থিক ব্যবস্থাপনা এবং নতুন উদ্যোক্তাদের জন্য এই বিশাল বিনিয়োগ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করবে।