
মোঃ আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা কোরবানির পশু লালন-পালনে এবারও শীর্ষে রয়েছে। খামারি ও ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা এবং নৌ ও সড়ক পথে অবৈধ চাঁদাবাজি বন্ধে পুলিশের আইজিপি বরাবর আবেদন করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শাহজাদপুরে প্রায় ১০ হাজার খামারি ১ লাখ ৩৫ হাজার পশু লালন-পালন করেছেন। এর মধ্যে ৭৫ হাজার ষাঁড়, ৫ হাজার বলদ, সাড়ে ৩ হাজার গাভী এবং ৫১ হাজার ৫০০ ছাগল ও ভেড়া রয়েছে। উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ জাহিদ আল হাসান জানান, স্থানীয় চাহিদার তুলনায় দ্বিগুণেরও বেশি পশু প্রস্তুত রয়েছে, যা ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন হাটে সরবরাহ করা হবে।
শাহজাদপুর, এনায়েতপুর ও চৌহালী উপজেলার ব্যবসায়ীরা নৌ ও সড়ক পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে পুলিশ প্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন। জামিরতা বাজারের পশু ব্যবসায়ী মুন্সি মোঃ আবুল কালাম আজাদ জানান, আগামী ১৩ মে থেকে পশুর চালান বিভিন্ন হাটে যাওয়া শুরু হবে। নির্বিঘ্নে পশু পৌঁছাতে ব্যবসায়ীদের পক্ষ থেকে আইজিপি বরাবর লিখিত আবেদন করা হয়েছে।
শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, নৌ ও হাইওয়ে পুলিশ সড়ক ও নৌপথে নিরাপত্তার জন্য প্রস্তুত রয়েছে। কোনো ধরনের চাঁদাবাজি বা হয়রানির খবর পেলে দ্রুত নিকটস্থ থানায় অবহিত করার অনুরোধ জানিয়েছেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার শাবরিনা শারমিনও ব্যবসায়ীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এ.আই.এল/সকালবেলা