
সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কুখ্যাত সন্ত্রাসী সফিক ওরফে ‘চোরা সফিক’ ও তার বাহিনীর হাতে র্যাব-৯ (সিপিসি-১) এর সদস্যদের ওপর অতর্কিত হামলা ও মারধরের ঘটনা ঘটেছে।
সোমবার (১১ মে) বিকেলে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া বলিয়ারা গ্রামে এই ঘটনা ঘটে। সন্ত্রাসীরা র্যাবের তিন সদস্যকে প্রায় চার ঘণ্টা একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখে।
র্যাব সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর এলাকায় একটি অভিযানে যাওয়ার পথে র্যাবের চার সদস্য খাগাতুয়া গ্রাম দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে ‘চোরা সফিক’ ও তার সহযোগীরা তাঁদের গতিরোধ করে। সদস্যরা নিজেদের পরিচয় দিলেও সন্ত্রাসীরা তা তোয়াক্কা না করে সশস্ত্র হামলা চালায়। সার্জেন্ট ফারুক কৌশলে ঘটনাস্থল ত্যাগ করতে পারলেও হাবিলদার রাশেদ মোশারফ, কনস্টেবল কাজল মিয়া ও আব্দুল মালেককে ধরে নিয়ে বেধড়ক মারধর করা হয়। পরে খবর পেয়ে র্যাব-৯ এর একটি বিশাল দল ও পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।
হামলায় আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। র্যাব-৯ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মো. নূর নবী জানান, হামলায় র্যাবের দুজনের হাত ভেঙে গেছে এবং একজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। অভিযুক্ত সফিক এলাকার চিহ্নিত অপরাধী। তাঁর বিরুদ্ধে হত্যা, চুরি, ছিনতাই এবং এর আগেও পুলিশের ওপর হামলার একাধিক মামলা রয়েছে।
এই ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। অভিযুক্ত সফিক ও তার সহযোগীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যেই সাঁড়াশি অভিযান শুরু করেছে।
এ.আই.এল/সকালবেলা