
এম. জহিরুল হক মিলন, ফেনী: ফেনীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের নুর আলম (৪৫) ও তাঁর ছেলে মো. নিরব (২৫)। নুর আলম পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক ছিলেন। এই ঘটনায় তাঁর ভাগিনা আফজাল মিঠু গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্বজনরা জানান, নুর আলম তাঁর ছেলে ও ভাগিনাকে সঙ্গে নিয়ে বোনের বাড়ি থেকে মোটরসাইকেলে করে ফেনী ফিরছিলেন। পথে হাফেজিয়া এলাকার আলম ব্রিক ফিল্ডের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি বাস তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুর আলম মারা যান। স্থানীয়রা আহত নিরব ও মিঠুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নিরবের মৃত্যু হয়। গুরুতর আহত মিঠুকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, ঘাতক বাস ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ.আই.এল/সকালবেলা