
মোঃ ইমরাউল কায়েস, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাতে পাঁচবিবি উপজেলার রহমতপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
জয়পুরহাটের পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। ডিবি পুলিশের একটি চৌকস দল পাঁচবিবি থানার কুসুম্বা ইউনিয়নের রহমতপুর গ্রাম থেকে বাঁশখুরগামী সড়কের পাশে অভিযান চালায়। এ সময় জনৈক সাবানুরের ধানিজমির পাশের পাকা রাস্তা থেকে সন্দেহভাজন ওই ব্যক্তিকে তল্লাশি করে তাঁর হেফাজত থেকে ৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জয়পুরহাটকে মাদকমুক্ত করতে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এ.আই.এল/সকালবেলা