
নিজস্ব প্রতিবেদক: সরকার শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বিশেষ করে প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক জাতীয় কর্মশালায় তিনি এ কথা বলেন।
‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক এই কর্মশালায় মাহদী আমিন শিক্ষকদের পেশাগত মানোন্নয়নে নতুন প্রযুক্তির ব্যবহারের কথা উল্লেখ করেন। তিনি বলেন, “সরকার ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ (One Teacher One Tab) স্কিল প্রবর্তন করছে। এর মাধ্যমে একটি ট্যাবলেট কম্পিউটারের সাহায্যে শিক্ষকরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। কারিকুলাম ডিজিটাল হয়ে যাওয়ার ফলে শিক্ষকদের সামাজিক মর্যাদার পাশাপাশি অর্থনৈতিকভাবেও তারা আরও ক্ষমতায়িত হবেন।”
প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক উদ্বোধনকৃত এই কর্মশালায় উচ্চশিক্ষার মানোন্নয়নে বেশ কিছু কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। এসব অধিবেশনে গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সংযোজন, ডিজিটাল সাক্ষরতা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে সুপারিশ প্রণয়ন করা হবে।
শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বিশ্বাস করেন, শিক্ষকদের ভাগ্যের পরিবর্তনের মাধ্যমেই দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব এবং সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।