
মেহেদী হাসান মারুফ, সাতক্ষীরা: সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১১ মে) সকাল ৭টার দিকে অন্য মৌয়ালরা তাকে জঙ্গল থেকে লোকালয়ে উদ্ধার করে আনেন। এর আগে রোববার সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে তিনি আক্রমণের শিকার হন।
আহত বাবলু গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে। ফিরে আসা মৌয়ালরা জানান, রোববার সকাল ৮টার দিকে ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল পায়রাটুনি খাল এলাকায় মধু সংগ্রহ করছিলেন। এসময় একটি রয়েল বেঙ্গল টাইগার হঠাৎ ঝোপের আড়াল থেকে এসে বাবলু গাজীর ওপর হামলা চালায়। সঙ্গে থাকা অন্য মৌয়ালরা লাঠিসোটা নিয়ে চিৎকার করে এগিয়ে এলে বাঘটি তাঁকে ছেড়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় মৌয়ালরা তাঁকে নিয়ে বনের ভেতর থেকে লোকালয়ের উদ্দেশ্যে রওনা হন। সোমবার সকালে শ্যামনগরের নীলডুমুর ঘাটে পৌঁছে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বাবলু গাজীর পিতা মালেক গাজী বলেন, "একসাথে মধু সংগ্রহের সময় হঠাৎ বাঘ আমার ছেলেকে আক্রমণ করে। আল্লাহর রহমতে সে এখনো জীবিত আছে।"
এ বিষয়ে বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা ইরফান হোসেন জানান, মৌয়াল আহত হওয়ার বিষয়টি তাঁরা অবগত হয়েছেন। বন বিভাগের পক্ষ থেকে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।
এ.আই.এল/সকালবেলা