
এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে আরও একটি লা লিগা শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। এই শিরোপা জয়ের মধ্য দিয়ে বার্সার তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল গড়েছেন এক অনন্য কীর্তি, যেখানে তিনি ছাড়িয়ে গেছেন কিংবদন্তি ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদোকে।
২০২৬ মৌসুমের লা লিগা জয়ের পর বার্সেলোনার হয়ে ইয়ামালের লিগ শিরোপা সংখ্যা দাঁড়াল ৩টিতে। এর আগে ২০২৩ এবং ২০২৫ সালেও কাতালানদের হয়ে লিগ জেতার স্বাদ পেয়েছিলেন তিনি। এই অর্জনের মাধ্যমে তিনি রিয়ালের হয়ে রোনালদোর জেতা লা লিগা শিরোপাকে ছাড়িয়ে গেছেন। সিআর সেভেন রিয়াল মাদ্রিদে কাটানো ৯ মৌসুমে মাত্র দুটি লা লিগা শিরোপা (২০১২ ও ২০১৭) জিততে পেরেছিলেন।
চলতি মৌসুমে বার্সেলোনার শিরোপা পুনরুদ্ধারের পথে ইয়ামালের ভূমিকা ছিল অনবদ্য। তবে ইনজুরির কারণে মৌসুমের শেষ দিকের গুরুত্বপূর্ণ ম্যাচ ‘এল ক্লাসিকো’তে তিনি মাঠে নামতে পারেননি। এই চোটের কারণে আসন্ন বিশ্বকাপেও তাঁর অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে গভীর শঙ্কা। তবে পুরো মৌসুমে দারুণ পারফরম্যান্সের কারণে চ্যাম্পিয়ন দলের সদস্য হিসেবে তিনি পদক পাচ্ছেন।
২০২২ সালে মূল দলে অভিষেকের পর থেকেই ইয়ামাল একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন। এই জয়ের ফলে বার্সেলোনার মোট লা লিগা শিরোপা সংখ্যা দাঁড়াল ২৯-এ। তবে ৩৬টি শিরোপা নিয়ে রিয়াল মাদ্রিদ এখনও তালিকার শীর্ষে অবস্থান করছে।
জান্নাত/সকালবেলা