
নিজস্ব প্রতিবেদক: চলতি মৌসুমে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি না থাকায় পাহাড়ি ঢল ও বৃষ্টির কবলে পড়ে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাওরাঞ্চলের বোরো চাষিরা। যান্ত্রিকীকরণের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা এবং তীব্র শ্রমিক সংকটের কারণে মাঠের প্রায় ১০ শতাংশ ধান পানিতেই নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সূত্রে জানা গেছে, এবার হাওরাঞ্চলে প্রায় ৪ লাখ ৫৫ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে পাহাড়ি ঢল ও বৃষ্টিতে ৪৯ হাজার ৭৩ হেক্টর জমি বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিএই-র উপ-পরিচালক (মনিটরিং) মো. আবু জাফর আল মুনছুর জানান, ক্ষতিগ্রস্ত জমির ৪০ থেকে ৫০ শতাংশ ধান নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে।
হাওরে দ্রুত ধান কাটার জন্য হারভেস্টার ও রিপার মেশিন পাঠানো হলেও অনেক এলাকায় পানি বেড়ে যাওয়ায় সেগুলো আর কাজ করছে না। বাধ্য হয়ে কৃষকরা শ্রমিকের ওপর নির্ভর করলেও মাঠে জনবল নেই। আগে যেখানে ৭০০-৮০০ টাকায় শ্রমিক মিলত, এখন ১৫০০ টাকা দিয়েও লোক পাওয়া যাচ্ছে না। কৃষকরা জানান, শারীরিক কষ্ট ও কম লাভের কারণে অনেকে কৃষি ছেড়ে অটোরিকশা চালানোসহ অন্য পেশায় চলে গেছেন। ফলে চড়া মজুরি দিয়েও সময়মতো ধান ঘরে তোলা যাচ্ছে না।
বর্তমানে বাজারে প্রতি মণ কাঁচা ধানের দাম মাত্র ৬০০ থেকে ৭০০ টাকা। কৃষকদের অভিযোগ, ধান কাটার মৌসুমে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেট পরিকল্পিতভাবে দাম কমিয়ে দেয়, ফলে উৎপাদন খরচ তোলাও অসম্ভব হয়ে পড়েছে। এক দিনের শ্রমিকের মজুরি দিতেই কৃষকের দুই মণ ধান বিক্রি করতে হচ্ছে।
কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম বলেন, “হাওরের কৃষি এখন জলবায়ু ঝুঁকির মধ্যে। কয়েক বছর দুর্যোগ না থাকায় প্রস্তুতিতে ঘাটতি ছিল। শুধু যান্ত্রিকীকরণ দিয়ে হাওরের সংকট মেকাবেলা সম্ভব নয়, কারণ পানি ঢুকে গেলে মানবশ্রমের বিকল্প থাকে না।” তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা ও সরকারিভাবে সরাসরি ধান ক্রয়ের ব্যবস্থা করার দাবি জানান।
সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।