
বাংলাদেশে আরও বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। সোমবার (১১ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডর’ ও ‘এডুকেশন এক্সপো ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে দেশে ১১৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং আরও বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে। বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৫৭টি বেশ ভালো করছে বলে তিনি উল্লেখ করেন।
দুই দেশের মধ্যে শিক্ষা ও জ্ঞান বিনিময়ের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, “পাকিস্তানের সঙ্গে এই শিক্ষামেলার আয়োজন আমাদের জন্য খুবই ইতিবাচক। আমি বাংলাদেশের শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষায় অংশ নেওয়ার ব্যাপারে অনুপ্রাণিত করছি। তাদের কিছু অত্যন্ত উন্নত মানের বিশ্ববিদ্যালয় রয়েছে এবং সেখানে আমাদের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগও রয়েছে।” এ সময় তিনি ‘আল্লামা ইকবাল স্কলারশিপ’ সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার জানান, এই এডুকেশন এক্সপো আগামী ১০ দিন পর্যায়ক্রমে রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রামেও অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে দুই দেশের শিক্ষা, জ্ঞান ও সংস্কৃতি বিনিময়ের নতুন দুয়ার উন্মোচিত হবে। তিনি এমওইউ-এর (MOU) মাধ্যমে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে পাকিস্তানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ প্রদানে সহযোগিতা করার আহ্বান জানান।
জান্নাত/সকালবেলা