
মোঃ ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে হবিগঞ্জের আদালতে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৬ মে) হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থানীয় এনজিও ‘পিপলস অ্যাসিস্ট্যান্ট ফর সোশাল অ্যাডভান্সমেন্ট (পাশা)’-এর নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযুক্ত অপর দুই সাংবাদিক হলেন—প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াদুল করিম ও হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন। মামলার অভিযোগে বলা হয়, গত ৫ ফেব্রুয়ারি প্রথম আলোতে “এক ব্যক্তিনির্ভর ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
বাদীপক্ষের দাবি, ওই প্রতিবেদনে সংস্থাটির বিরুদ্ধে তথ্যবিহীন ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করা হয়েছে, যার ফলে নির্বাচন কমিশন তাদের পর্যবেক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত করে। এতে সংস্থাটির দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্নসহ আর্থিক ক্ষতি হয়েছে।
আদালতের বিচারক মোছা. তানজিনা তানিন মামলাটি আমলে নিয়ে হবিগঞ্জ ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী অ্যাডভোকেট শহীদুল ইসলাম জানান, সংবাদের বিষয়ে আগে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও সন্তোষজনক জবাব না পাওয়ায় আদালতের শরণাপন্ন হয়েছেন তারা। প্রতিবেদনে সংস্থাকে ‘নামসর্বস্ব’ ও ‘টাকার বিনিময়ে কার্ড বিক্রি’র মতো মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে দাবি করা হয়।
এ.আই.এল/সকালবেলা