
জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি স্পষ্ট করেছেন যে, এ বিষয়ে সরকার কঠোর নজরদারি রাখছে এবং কেউ বাজার প্রভাবিত করার চেষ্টা করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। আজ শুক্রবার সকালে সিলেট জেলা পরিষদের ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সরকারের তদারকি টিম কাজ করছে এবং বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। জ্বালানি তেলের দামের কারণে যে মূল্যস্ফীতি বর্তমানে দেখা যাচ্ছে, তাকে সাময়িক বলে দাবি করেন বাণিজ্যমন্ত্রী। তিনি আরও উল্লেখ করেন যে, পণ্যের পরিবহন ব্যয় কমাতে বন্দরের সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি; অন্যথায় সামগ্রিক সরবরাহ ব্যয় কমানো সম্ভব হবে না।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক চুক্তির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, যেকোনো চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে যদি কোনো ধারা দেশের স্বার্থের পরিপন্থী হয়, তবে তা পরিবর্তনের সুযোগ চুক্তির ভেতরেই থাকে। দেশের স্বার্থ রক্ষা করেই সব ধরনের বাণিজ্যিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন। মন্ত্রীর এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন জ্বালানির দাম বৃদ্ধির পর সাধারণ মানুষের মধ্যে নিত্যপণ্যের দাম নিয়ে উদ্বেগ বাড়ছে।
জান্নাত/সকালবেলা