
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (৮ মে) সকাল থেকেই বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন বাস কোম্পানির কাউন্টার ও অনলাইন প্ল্যাটফর্মে টিকিট পাওয়া যাচ্ছে। মূলত ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত যারা ভ্রমণ করতে চান, তারাই আজ থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারছেন।
পরিবহন সংশ্লিষ্টদের দেওয়া তথ্যমতে, টিকিটের জন্য যাত্রীদের সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে ২৪, ২৫ ও ২৬ মে তারিখের যাত্রার জন্য। বিশেষ করে ২৫ মে থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় ওই দিনের টিকিটের চাহিদা আকাশচুম্বী। শ্যামলী এন আর ট্রাভেলসের জেনারেল ম্যানেজার জীবন চক্রবর্তী জানান, সকাল ১০টার মধ্যেই অধিকাংশ গুরুত্বপূর্ণ রুটের টিকিট বিক্রি হয়ে গেছে। তবে এবার ভোগান্তি কমাতে কাউন্টারের পাশাপাশি অনলাইনেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে যাত্রীদের ভাড়া নিয়ে ভোগান্তি কমাতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন কঠোর নির্দেশনা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, বিআরটিএ নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত কোনো টাকা আদায় করা যাবে না। প্রতিটি বাসের কাউন্টারে ভাড়ার চার্ট টাঙানো বাধ্যতামূলক করা হয়েছে। অনলাইনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন মালিকরা বিআরটিএ-এর সাথে সমন্বয় করে কাজ করছেন বলে জানা গেছে।
জান্নাত/সকালবেলা